আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে চুরি হওয়া মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার বড়দল উত্তরপাড়া গ্রামের মো.আমান উল্লাহ গত ২৯ জুলাই আশাশুনি থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি রূপালী ব্যাংক,বুধহাটা শাখায় পিওন হিসেবে কর্মরত।
এজাহারে উল্লেখ করা হয়,গত ২৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে তিনি বুধহাটা বাজারের করিম মার্কেটে অবস্থিত রূপালী ব্যাংকের নিচতলার বারান্দায় তার ব্যবহৃত লাল রঙের নাম্বারবিহীন ৭০ সিসি ফ্রিডম রানার মোটরসাইকেলটি রেখে ব্যাংকে দায়িত্ব পালন করতে যান। সন্ধ্যা ৭টার দিকে নিচে নেমে মোটরসাইকেলটি দেখতে পেলেও রাত ৯টার দিকে ব্যাংকের কার্যক্রম শেষে নিচে এসে সেটি আর খুঁজে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। চুরি যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. সেকেন্দার আলী পাইক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধহাটা উত্তরপাড়া এলাকা থেকে মো.মুছা ঢালী কে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাহাদুরপুর গ্রামের মো.মিজানুর রহমান এবং বুধহাটা বাজারের মো.ফারুক হোসেন এর ভাঙারির দোকান থেকে চুরি হওয়া মোটরসাইকেলের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উদ্ধার হওয়া খুচরা যন্ত্রাংশের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।##