বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি পশ্চিম থানা শাখার দায়িত্ব পালন শেষে সহকর্মী, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিদায়ী শাখা সভাপতি ইয়াছিন আরাফাত।
গতকাল নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “দায়িত্বের সমাপ্তি, সম্পর্কের নয়; বিদায় আশাশুনি।”
পোস্টে তিনি আশাশুনি পশ্চিম থানা শাখায় নিজের সাংগঠনিক সফর ও সভাপতি হিসেবে দায়িত্বকালের সমাপ্তির কথা উল্লেখ করে লিখেন, "আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি পশ্চিম থানা শাখায় দায়িত্বের অধ্যায় শেষ হলো।"
দীর্ঘ এই পথচলায় যারা ভালোবাসা, সহযোগিতা, পরামর্শ ও দোয়া দিয়ে পাশে ছিলেন, সেইসব কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের দায়িত্বশীল ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়াছিন আরাফাত। তাদের ভালোবাসা ও পরিশ্রমকেই তিনি নিজের কাজের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম পরিচালনার প্রেক্ষাপট তুলে ধরে বিদায়ী সভাপতি লিখেন, "দায়িত্ব পালন করতে গিয়ে সংগঠনের স্বার্থ, শৃঙ্খলা ও আপনাদের কল্যাণের জন্য কখনো কঠোর হতে হয়েছে, রাগ করেছি বা বকা দিয়েছি। এতে যদি কারও মনে সামান্যও কষ্ট দিয়ে থাকি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি মানুষ, ভুল-ত্রুটি হতেই পারে। তাই সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।"
দায়িত্বের মেয়াদ শেষ হলেও সাংগঠনিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আজীবন অটুট থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা। তিনি জানান, অর্পিত দায়িত্ব শেষ হলেও সংগঠনের একজন কর্মী হিসেবে দ্বীনের কাজ, আদর্শের প্রচার এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে বিগত দিনের সকল ভুল-ত্রুটি ক্ষমা এবং দ্বীনের খেদমতে আমৃত্যু নিয়োজিত থাকার তৌফিক কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।