এস,এম মোস্তাফিজুর রহমান,প্রতিনিধি
আশাশুনির প্রতাপনগরে পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বেড়িবাঁধ কেটে অবৈধভাবে পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। সরকারি বেড়িবাঁধ ও সম্পত্তি রক্ষায় অবৈধ পাইপটি দুই দিনের মধ্যে নিজ খরচে অপসারণ করে বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছে বাপাউবো। অন্যথায় অবৈধ উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত ২৭ আগস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আশাশুনি পানি উন্নয়ন উপ-বিভাগের নওয়াবেঁকী পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা আলমগীর কবীর স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশটি প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রকাটি গ্রামের সুরাত আলী গাজীর ছেলে মোঃ আসলাম হোসেন গাজীর নামে জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়,সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর আওতাধীন ৭/১ নম্বর পোল্ডারের প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় বেড়িবাঁধ কেটে বাঁধের নিম্নাংশে একটি পাইপ স্থাপন করা হয়েছে। বাপাউবোর ভাষ্য অনুযায়ী,এ ধরনের স্থাপনা আইনবিরোধী ও দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে মৌখিকভাবে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সরকারি বেড়িবাঁধ রক্ষা এবং উপকূলীয় এলাকার নিরাপত্তার স্বার্থে নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে নিজ খরচে পাইপ অপসারণ করে বাঁধটি যথাযথভাবে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন না হলে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। নোটিশের অনুলিপি সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী,আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার, আশাশুনি পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।