আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় একই এলাকার বাসিন্দা ও গুনাকরকাটি বাজারের ফার্নিচার মিস্ত্রি রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার(১০ অক্টোবর) সকালে গুনাকরকাটি বাজারস্থ রবিউল ইসলামের ফার্নিচারের গোডাউনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান,ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে চাউলের চাতালে কাজ করছিলেন। এ সময় তিনি দেখেন,অভিযুক্ত রবিউল ইসলাম চতুর্থ শ্রেণীর ঐ শিক্ষার্থীকে অচেতন অবস্থায় বাইরে ফেলে রেখে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন।
এ সময় তিনি দ্রুত অচেতন শিশুটিকে উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করেন। শিশুটির কাছে ঘটনার বর্ণনা শুনে তাকে বাড়িতে পৌঁছে দেন এবং শিশুটির পরিবারের কাছে ঘটনা খুলে বলেন।
বিষয়টি জানাজানি হলে,স্থানীয়রা অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন। পরে থানা পুলিশকে সংবাদ দিলে এস আই আনজির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করেন থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা-মাতা সহ স্থানীয়রা আটক রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থানে অফিসার পাঠিয়েছিলাম। অভিযুক্ত রবিউল থানা হেফাজতে আছে। তদন্তপূর্বক আইনঅনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।##