আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুলে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামীণ চক্ষু হাসপাতাল,সাতক্ষীরার আয়োজনে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সকাল ৯টা থেকে রোগীদের নাম নিবন্ধন, চোখের দৃষ্টিত্রুটি পরীক্ষা,চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা স্বল্পমূল্যে সরবরাহ করা হয়। চিকিৎসা ক্যাম্পে ছানি রোগীদেরও বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নিয়ে বিদেশি লেন্সের মাধ্যমে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ,কালো চশমা,যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় শিক্ষক,ইউপি সদস্য ও গ্রামীণ চক্ষু হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মো.মনিরুজ্জামান।