আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় হাফিজুলের আম্মার জানাজা চলাকালে বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলামের মোটরসাইকেলের লক ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ১০:০০ টায় বুধহাটা দক্ষিণ পাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাভোকেট শহিদুল ইসলাম সকালে হাফিজুলের মরহুমা মাতার জানাজায় অংশ নিতে বুধহাটা দক্ষিণ পাড়া বায়তুন নূর জামে মসজিদে যান। তিনি তাঁর ব্যবহৃত অ্যাশ কালারের 'হিরো হোন্ডা স্প্লিন্ডার' (রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা হ-১৮-৫৮১৭) মোটরসাইকেলটি মসজিদ প্রাঙ্গণে লক করে জানাজার নামাজে শরীক হন। এই সুযোগে অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলটির লক ভেঙে স্থান ত্যাগ করে । জানাজা শেষে বাইরে এসে তিনি দেখতে পান গাড়িটি সেখানে নেই।
জানাজার মতো একটি ধর্মীয় স্থানে এবং প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান প্রার্থীর বাইক চুরির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন।
ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন হাফিজুলের আম্মার জানাজায় অংশ নেওয়ার সামান্য এই সময়ের মধ্যেই চোরচক্র লক ভেঙে আমার বাইকটি নিয়ে চম্পট দেয়। আমি বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি এবং গাড়িটি দ্রুত উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবি জানাচ্ছি।