এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের সন্তান শেখ মিশা খাতুন (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সাতক্ষীরা জজ কোর্টের এপিপি খরিয়াটি গ্রামের এড.শেখ আলাউদ্দীনের মেঝে কন্যা শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। ২০২৫ সালে বিএসটিআই খুলনা কার্যালয়ে পরীক্ষক (রসায়ন) হিসাবে যোগদান করেন। তিনি ৫০ তম বিসিএস পরীক্ষার ভাইবায় অংশ নিতে রবিবার খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পরিবহন দুর্ঘটনা কবলিত হলে তার মৃত্যু হয়। সোমবার খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ঈমামতি করেন তার চাচা হাফেজ শেখ হাবিবুর রহমান। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। মিশা খাতুনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। তিনি বলেন,শেখ মিশার মতো একজন তরুণ,মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান