কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা এলাকায় বসবাসরত শহর অঞ্চলের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক মতবিনিময় ও ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) কলারোয়া পৌরসভার হলরুমে ডব্লিউবিএইচও (WBHO) এর আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরি সহায়তায় 'ওয়াশ ফর আরবান পপুলেশন' (Wash for Urban Population) প্রকল্পের অধীনে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্ভিস প্রোভাইডার, স্থানীয় নেতৃত্ব (LIC) এবং স্থানীয় বিদ্যালয়সমূহের শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় এলাকার সার্বিক পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সাধারণ মানুষের সমন্বয় বৃদ্ধিতে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শহরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেবাদানকারী প্রতিষ্ঠান ও সুবিধাভোগীদের মধ্যাকার এই যৌথ উদ্যোগ কলারোয়া পৌরসভার সামগ্রিক ওয়াশ ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রজেক্টের স্থানীয় প্রতিনিধি এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সার্বিক সমন্বয় ও আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে সেশনটি সমাপ্ত হয়।