কলারোয়া ব্যুরো:
সাতক্ষীরার কলারোয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ২৪ জন নারীকে নতুন সেলাই মেশিন প্রদান করা হয়।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেও আর্থিক সংকটের কারণে যারা কাজ শুরু করতে পারছিলেন না, তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, সমাজের পিছিয়ে থাকা নারীদের শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, তাদের হাতে কাজের উপকরণও তুলে দিতে হবে। নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আয়ের সুযোগ তৈরি করা একটি মানবিক ও সামাজিক দায়িত্ব।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।
শারমিন আক্তার বলেন, তার স্বামী একজন ভ্যানচালক। দীর্ঘদিন ধরে একটি সেলাই মেশিনের প্রয়োজন ছিল। প্রশিক্ষণ নিলেও অর্থাভাবে মেশিন কিনতে পারেননি। এমপি সাহেবের দেওয়া সেলাই মেশিনের মাধ্যমে এখন তিনি আয় করে সংসারে সহযোগিতা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
অপর উপকারভোগী রাশিদা বেগম বলেন, তিনি অনেক আগেই সেলাই প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু মেশিন কেনার সামর্থ্য না থাকায় তা কাজে লাগাতে পারেননি। এই সহায়তা তার জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।