কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘ওয়ার্ড সভানেত্রী ও সেক্রেটারি শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) কলারোয়াস্থ আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এই শিক্ষা শিবির সম্পন্ন হয়। ‘সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন’- এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নারী নেত্রী ও দায়িত্বশীলা এই আয়োজনে অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
শিক্ষা শিবিরের ‘গণভিত্তি রচনায় দায়িত্বশীলাদের ভূমিকা ও প্রশ্নোত্তর পর্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “একটি আদর্শ ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অনস্বীকার্য। তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের বাণী পৌঁছে দিতে ওয়ার্ড সভানেত্রী ও সেক্রেটারিদের অত্যন্ত সুকৌশলী ও ধৈর্যশীল হতে হবে। আদর্শ পরিবার গঠন ও সৎ জনশক্তি তৈরিতে মায়েদের অবদান সবার ওপরে।”
দিনব্যাপী এই শিক্ষা শিবিরের বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ বিষয়ে দারস ও সাংগঠনিক আলোচনা পেশ করেন আমন্ত্রিত শীর্ষস্থানীয় ও জেলা নেতৃবৃন্দ। ‘দারসুল কুরআন’ সেশনে সূরা নূরের ২৭-২৯ নম্বর আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সাতক্ষীরা জেলা শাখার মজলিশে শুরা সদস্য মাওলানা ওমর আলী। ‘যে অতীত প্রেরণা যোগায়’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা ওমর ফারুক।
এছাড়া নারী নেত্রীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনশক্তির মানোন্নয়ন ও সংগঠন মজবুতকরণ’ বিষয়ে আলোচনা করেন জনাবা জয়নব পারভীন এবং ‘ইসলামী আন্দোলন ও পরিবার গঠনে দায়িত্বশীলাদের ভূমিকা’ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জনাবা মাহমুদা খাতুন।
অনুষ্ঠানে সাংগঠনিক পদ্ধতি নিয়ে ওয়ার্ডভিত্তিক গ্রুপ আলোচনা এবং কর্মীদের মননশীলতা বিকাশে চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে বিভাগীয় দায়িত্বশীলদের সমাপনী দিকনির্দেশনা ও দোয়ার মাধ্যমে দিনব্যাপী এই শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।