নিউজ ডেস্ক কলারোয়া প্রতিদিন :
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মীদের আদর্শিক চর্চা,সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজমুখী কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহা. কামারুজ্জামানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রায় ৩ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কর্মীদের আদর্শিক চর্চা, নৈতিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে দক্ষ,দায়িত্বশীল ও আদর্শবান কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে নির্ধারিত বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল,জেলা সেক্রেটারি মাওলানা মো.আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাওলানা মো.ওসমান গনী। বক্তারা তাদের আলোচনায় সাংগঠনিক কার্যক্রম,ব্যক্তি গঠন,নেতৃত্বের বিকাশ এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।
দিনব্যাপী শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সেশন,আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কর্মীদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ,জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।