কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় র্যাব-৬-এর অভিযানে মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কাভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সালাউদ্দিন (পিতা: মৃত মুনতাজ) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার গ্রামের দক্ষিণ ভাদিয়ালি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পৌর সদরের কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ট্যাংকি ও সাইড কাভারের ভেতর থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।