কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে কলারোয়া থানার মামলা নং-১৭, তারিখ ১৪/০৭/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাফিজুল ইসলাম ওরফে হাপি (৫৩), পিতা: মৃত ইউনুছ আলী মোড়ল এবং তার স্ত্রী রোমেনা বেগম (৪৫)। তাদের বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা কাছারীপাড়া এলাকায়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নির্মূলে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কোনো মাদক কারবারিরই ছাড় নেই। গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওসি এইচ এম শাহীন আরও জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।