মোঃ রাশিদুল কবির সবুজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্য দিয়ে উপজেলার বাকি থাকা ইউনিয়ন দুটির মধ্যে লাঙ্গলঝাড়ায় প্রার্থী ঘোষণা সম্পন্ন করল দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কলারোয়া উপজেলা জামায়াতের উদ্যোগে মরহুম আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল বৈঠকে এ নাম ঘোষণা করা হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ইউনিয়ন জামায়াতের বর্তমান আমীর মো. মশিউর রহমানকে।
বৈঠকে কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহা. কামারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী।
বিশেষ অতিথি ছিলেন, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কলারোয়া উপজেলার অন্যান্য ইউনিয়নে আগেই চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে লাঙ্গলঝাড়া ও ২ নম্বর জালালাবাদ ইউনিয়নে প্রার্থী ঘোষণা বাকি ছিল। এর আগে জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী অসুস্থতাজনিত কারণে সেখানে সিংহলাল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মোনায়েমকে প্রার্থী ঘোষণা করে সংগঠনটি। সর্বশেষ লাঙ্গলঝাড়ায় প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে বাকি থাকা দুই ইউনিয়নেই প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো।