মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়নে সম্ভাবনাময় মসলা ফসল চুইঝালের চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন পদ্ধতি নিয়ে কৃষকদের মাঝে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের বিকল্প ও লাভজনক কৃষি উদ্যোগের প্রতি আগ্রহী করে তোলা এবং চুইঝাল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কয়লা ইউনিয়নের বাবু ঘোষের বাড়িতে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের আয়োজনে এ আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। বিশেষভাবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের এফএম হাসান দেওয়ান ও এসডিও নাসিম নাঈম। এছাড়া মেসার্স বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মহাসিন রেজাসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় চুইঝালের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় চুইঝাল চাষের জন্য উপযুক্ত স্থান ও মাটি নির্বাচন, চারা বা কাটিং সংগ্রহ ও রোপণ, গাছের পরিচর্যা, সার ও সেচ ব্যবস্থাপনা, মাচা বা গাছের সহায়তা প্রদান, রোগবালাই প্রতিরোধ এবং ফসল সংগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, চুইঝাল বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে একটি জনপ্রিয় মসলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে পরিকল্পিতভাবে চুইঝালের চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় কৃষকদের জন্য এটি একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হতে পারে। বিশেষ করে পতিত বা অনাবাদি জমির পাশাপাশি বাড়ির আঙিনা ও অন্যান্য উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে চুইঝাল চাষের মাধ্যমে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারেন।
আলোচনায় আরও বলা হয়, যেকোনো নতুন বা সম্ভাবনাময় ফসল চাষের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষের শুরু থেকে গাছের পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং সময়মতো প্রয়োজনীয় কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। এ জন্য কৃষকদের নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ চুইঝাল চাষের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহের সঙ্গে আলোচনা করেন এবং চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় কৃষকদের সম্ভাবনাময় এ মসলা ফসলের চাষে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।
স্থানীয় কৃষকরা জানান, চুইঝালের চাষ পদ্ধতি সম্পর্কে মাঠপর্যায়ে এ ধরনের আলোচনা ও প্রশিক্ষণ তাদের জন্য বেশ উপকারী। নতুন ধরনের অর্থকরী ফসল চাষের বিষয়ে সরাসরি কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের কাছ থেকে ধারণা পাওয়ায় তারা ভবিষ্যতে চুইঝাল চাষে আরও আগ্রহী হবেন বলে জানান।
কৃষকদের মধ্যে আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতি ছড়িয়ে দিতে এবং স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় মসলা ফসলের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।