মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র কুরআনের হেফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সুধীজন এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ রাশেদ আলী এবং সঞ্চালনা করেন হাফেজ মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ওলামা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জামিউল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহাদ্দেস আব্দুল খালেক (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল কাদের রুহানি। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা, হাফেজ, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের হেফজ সম্পন্ন করায় হাফেজ মোহাম্মদ আল-আমিন, হাফেজ মোহাম্মদ ইমাদুল ইসলাম এবং হাফেজ মোহাম্মদ আহসান উল্লাহ এলাহী-এর মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তুলে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নবীন তিন হাফেজকে সম্মাননা হিসেবে সাইকেল উপহার প্রদান। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাজু আহাম্মেদ তাদের প্রত্যেককে একটি করে সাইকেল উপহার দেন। এ সময় উপস্থিত সবাই তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা বলেন, কুরআনের হাফেজরা সমাজের অমূল্য সম্পদ। তাদের যথাযথ সম্মান, উৎসাহ ও সহযোগিতা প্রদান করলে ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী পবিত্র কুরআনের খেদমতে আত্মনিয়োগে উদ্বুদ্ধ হবে। এ ধরনের আয়োজন কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবীন তিন হাফেজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্বীনি জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।