কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়ীয়া ইউনিয়নের তোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবসমাজ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শামছুল আলম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোমেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ মফিজুল ইসলাম, সেক্রেটারি মোঃ মনোয়ার হোসাইন, ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। তারা ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধনী ম্যাচটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার মাধ্যমে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে। স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।