রাশেদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলারোয়া উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের লক্ষ্যে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ঘাম ও পরিশ্রমের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি উল্লেখ করে তিনি কৃষকদের প্রতি সম্মান ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান। একইসঙ্গে ধান সংগ্রহ কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানি না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। কৃষকদের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, খাদ্য বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্থানীয় কৃষকদের মধ্যে এ কার্যক্রম নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।