নিউজ ডেস্ক কলারোয়া প্রতিদিন :
সাতক্ষীরার কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ২ কোটি ২৩ লাখ ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ভুক্তভোগী গ্রাহকরা উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, আল-আমিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বিভিন্ন সময় তারা তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটি তাদের জমাকৃত অর্থ ফেরত দেয়নি। ফলে শতাধিক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির মাধ্যমে আনুমানিক দুই কোটি তেইশ লাখ পাঁচশত টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ভুক্তভোগীরা আরও জানান, প্রায় ১২ বছর ধরে তাদের অর্থ ফেরত পাওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা মোঃ ওমর ফারুক সবুজসহ ঘটনার সঙ্গে জড়িত সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা তাদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগীরা বলেন, “আমরা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটিতে অর্থ জমা রেখেছিলাম। কিন্তু বছরের পর বছর পার হলেও আমাদের টাকা ফেরত পাচ্ছি না।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।