সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ইসলামী ব্যাংক কলারোয়া শাখার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ব্যাংকের সেবা কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকদের মতামত গ্রহণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক খুলনা জোনের প্রধান মিজানুর রহমান মিজি।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা মো. ওমর আলী,সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব আলী, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু এবং কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।
এ সময় ব্যাংকের সেকেন্ড অফিসার মো. শাহিনুর রহমান শাহীনসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। ব্যাংককে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হলেও গ্রাহকদের অবিচল সমর্থন, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতায় ব্যাংক ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠছে।
তিনি বলেন, দেশের মানুষের আস্থা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো অচিরেই দূর হবে এবং ইসলামী ব্যাংক পুনরায় আগের মতো স্বাভাবিক ও গতিশীল কার্যক্রমে ফিরে আসবে। দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক আবারও তার অবস্থান সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মিজানুর রহমান মিজি আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ধর্মের ব্যাংক নয়। এটি সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে ব্যাংকটি সমানভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, গ্রাহকের সন্তুষ্টি ও বিশ্বাস অর্জনই একটি ব্যাংকের সফলতার মূল ভিত্তি। আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংক আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।