কলারোয়া প্রতিনিধি :
দুর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা, মানুষের অধিকার সংরক্ষণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কলারোয়া উপজেলার মরহুম আছির উদ্দীন শায়দা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা ও ফরিদপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীল কর্মীদের সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান এবং সমাজে ন্যায় ও বৈষম্যহীন পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের জন্য রুকনদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী। এ ছাড়া জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কলারোয়া উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত শপথের কর্মী প্রায়ই ৯ শতাধিক রুকন ভাই ও বোনেরা অংশ নেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলতা, জনসম্পৃক্ততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।