কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাশেদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম ও হত্যার চেষ্টা চালানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাশেদ কেরালকাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত সোহরাব সরদারের মেজ ছেলে। স্থানীয়ব্যবসার প্রচার
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আহত রাশেদের ভাই রাজু একই এলাকার আবু সাঈদের কাছে পাওনা ২০ হাজার টাকা পেতেন। ঘটনার দিন সন্ধ্যায় রাজু পাওনা টাকা চাইতে আবু সাঈদের বাড়ির সামনে যান। এ সময় তাঁদের মধ্যে কথাকাটাকাটি হলে আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে তাঁর বন্ধু জাকির হোসেনকে ডেকে আনেন। পরে জাকির হোসেনের সঙ্গে আবু সাঈদ, সবুজ হোসেন ও রাকিবুল হাসান নাঈম একজোট হন। একপর্যায়ে জাকির হোসেন পাশে থাকা মাছের ঘেরের গাছ কাটার দা ও লোহার রড নিয়ে ব্যবসায়ী রাশেদের ওপর অতর্কিত হামলা চালান। জাকির ধারালো দা দিয়ে রাশেদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেন।
আহত রাশেদের মা জানান, জাকির ধারালো দা নিয়ে এসে হঠাৎ তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রাশেদের ভাই রাজু জানান, স্থানীয় লোকজনের সহায়তায় রাশেদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।