সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ ও দক্ষ করে তুলতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলারোয়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বিশ্বব্যাংক ও আইএফএডি (IFAD)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলারোয়া উপজেলা শাখার মুখপাত্র মো. রইছ উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।