কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাতক্ষীরার কলারোয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (২২ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নুল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম ইনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলারোয়ার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।