
কলারোয়া ব্যুরো
সাতক্ষীরার কলারোয়ায় লাইসেন্স নবায়ন না করা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের কারণে মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :