কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
কলারোয়ার তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির। ৭ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন।
পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়, ধানঘোরা দাখিল মাদ্রাসা, পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শাকদাহ বালিকা বিদ্যালয়। পরিদর্শনকালে তিনি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতির মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উপস্থিতির হারে সন্তোষ প্রকাশ করলেও পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শাকদাহ বালিকা বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থায় অসন্তোষ জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আহসান হাবিবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। পরবর্তীতে বিকেলে পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়।