কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতামুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবকদের নিয়ে ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মানচিত্রদেখুন
সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কার্ক ইন অ্যাক্টির অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে সম্প্রীতি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সিসিডিবির টেকনিক্যাল অফিসার মো. একরামুল কবীরের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সাংবাদিক ও প্রভাষক আরিফ মাহমুদ এবং সংস্থার ফিল্ড অর্গানাইজার সুদীপ্ত বিশ্বাসসহ প্রশিক্ষণার্থীরা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় তিনি যুবসমাজকে বেকারত্ব নিরসনে যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানে যুক্ত হওয়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বক্তারা সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কৌশল ও ব্যবসা ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একজন উদ্যোক্তা সফল হতে পারেন।
উল্লেখ্য, সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮৪ জন বেকার যুবককে নয়টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিকস, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউটিফিকেশন ও ওয়েল্ডিংসহ বিভিন্ন প্রশিক্ষণ।