সাতক্ষীরার কলারোয়া উপজেলা রেজিস্ট্রি অফিসকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার আহ্বান জানিয়েছেন কলারোয়া পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন জনগণ।
বুধবার (১০ জুন) সকাল ১১:৩০ মিনিটে কলারোয়া উপজেলা রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও খোঁজখবর নেন কলারোয়া পৌর জামায়াতের আমির ইউনুস আলী বাবুর নেতৃত্বে পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তারা অফিসের সার্বিক কার্যক্রম, সেবাগ্রহীতাদের নানা ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আলোচনায় রেজিস্ট্রি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ সময় কলারোয়া পৌর জামায়াতের আমির ইউনুস আলী বাবু বলেন, “রেজিস্ট্রি অফিস জনগণের একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকা উচিত নয়। সাধারণ মানুষ যাতে সহজে ও নির্বিঘ্নে সেবা পেতে পারে, সে লক্ষ্যে সকল কার্যক্রম স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও প্রত্যাশার জায়গা হিসেবে রেজিস্ট্রি অফিসকে গড়ে তুলতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমরা চাই কলারোয়া রেজিস্ট্রি অফিস একটি আদর্শ, সেবাবান্ধব ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত হোক।”
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দও জনগণের দুর্ভোগ লাঘব, সেবার মানোন্নয়ন এবং অফিসের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের স্বার্থে রেজিস্ট্রি অফিসে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি-অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় স্থানীয় সচেতন নাগরিকরাও রেজিস্ট্রি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত, নির্ধারিত সরকারি ফি অনুযায়ী সেবা প্রদান এবং দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার দাবি জানান।