কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ও শুক্রবার (২১ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরসহ অধীনস্থ পদ্মশাখরা, মাদরা বিওপি ও বাকাল চেকপোস্টের টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার হারদ্দা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন জব্দ করে।
অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৫ আরবি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯টি ভারতীয় বাইসাইকেল আটক করে।
মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৯ ও ১০ আরবি থেকে প্রায় ৪০০ ও ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার রাজপুর ও ভাদিয়ালি এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ ছাড়া, বাকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার ডালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচারের সময় এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাজস্ব ফাঁকি রোধ, চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় শিল্পের বিকাশে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় স্থানীয় জনগণ বিজিবির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।