হাফিজুর রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
রান্না ঘরের বৈদ্যুতিক লাইট জ্বালানোর সুযোগে সাতক্ষীরার কালীগঞ্জে বসত বাড়ির ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকত্রী তার মেয়েকে গামছা দিয়ে হাত, পা, মুখ বেধে মধ্যযুগীয় কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সনকা গ্রামে নিয়ামুল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিয়ামুল মাস্টার ও স্থানীয়রা আমাদের কন্ঠকে জানান ১০/১৩ দিন আগে সন্ধ্যায় বাহিরে জানলা খোলা থাকার সুযোগে নিয়ামুল মাস্টারের স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিয়ে যায় চোরেরা। ঘটনার রেশ না কাটতে মঙ্গলবার সন্ধ্যায় মুখোশ পরিহিত ২/৩ জনের সশস্ত্র চোর চক্র বাড়িতে গৃহকর্তা না থাকার সুযোগে গৃহকত্রী নিচ তলায় রান্না ঘরের সুইচ দিতে যাওয়ার সুযোগে দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকে প্রথমে গৃহকত্রী ও মেয়েকে গামছা দিয়ে হাত-পা মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ঐ সময় তল্লাশি চালিয়ে ঘরের আলমারি, শোকেস ভেঙে ঘরে রক্ষিত ১৪ আনা ওজনের স্বর্ণের চেন, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও মোবাইল ফোন সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে থানার উপ পরিদর্শক নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ শাহিন হোসেন জানান ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।