খুলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে বাংলাদেশ বি-কীপার্স অ্যাসোসিয়েশনের (বিবিকেএ) আয়োজনে মৌচাষিদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক খুলনার উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তর, খুলনার মোখলেসুর রহমান এবং বাংলাদেশ বি-কীপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এবাদুল্লাহ আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য খন্দকার আমিনুজ্জামান।
এ সময় বিবিকেএর সহসভাপতি মো. হাসানুল বান্না, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুব বিল্লাহ, সদস্য তানভীর ও অলিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের মৌচাষি, মধু ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মৌচাষের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভেনম বা মৌবিষ সংগ্রহ, মধুর গুণগত মান ও মৌচাষিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত মধু উৎপাদন ও বাজারজাতকরণ এবং খাতটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনেই গুরুত্বপূর্ণ নয়; কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরাগায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মৌচাষ সম্প্রসারণ, চাষিদের দক্ষতা বৃদ্ধি, মধুর মান নিশ্চিতকরণ ও ন্যায্যমূল্য প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মিলনমেলা ও মতবিনিময় সভা মৌচাষিদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।