নিজস্ব প্রতিনিধি :
খুলনা বিভাগের টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। এর মধ্য দিয়ে খুলনা বিভাগের বৃহত্তর ক্যামেরা সাংবাদিক পরিবারের অংশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সাতক্ষীরা জেলা কমিটি।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আল-মামুন এবং সাধারণ সম্পাদক মো. শাহজালাল মোল্লা মিলনের যৌথ স্বাক্ষরিত অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মাসুদ রানা মনা ও সাধারণ সম্পাদক আবিদ হোসেনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ১ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মনা (এখন টিভি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবিদ হোসেন (৭১ টিভি)। এছাড়া সহ-সভাপতি হিসেবে জাকির হোসেন (এসএটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম (এটিএন বাংলা), সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন সৌরভ (ইনডিপেনডেন্ট টিভি), সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সবুজ (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক সাগর হোসেন (সময় টিভি), অর্থ সম্পাদক রাকিব হোসেন (বাংলাভিশন), প্রচার ও ক্রীড়া সম্পাদক একরামুলজ্জামান জনি (মাই টিভি), কার্যকরী সদস্য হাবিবুর রহমান পলাশ (চ্যানেল আই) এবং সাধারণ সদস্য হিসেবে আবু জাফর হোসেন (জিটিভি), ইমন হোসেন (এনটিভি), জহিরুল জুয়েল (আরটিভি), তানভির নাইম (এশিয়ান টিভি) ও রাসিক সিহাব (চ্যানেল ওয়ান) দায়িত্ব পালন করবেন।
অনুমোদনপত্র গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা মনা ও সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, খুলনা বিভাগের ক্যামেরা সাংবাদিকদের বৃহত্তর সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি তাদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে। তারা সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়ে সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব, ঐক্য এবং সংবাদকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার এই সময়ে ক্যামেরা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার জন্য সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জেলার সব টিভি ক্যামেরা সাংবাদিককে ঐক্যবদ্ধ রেখে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে, নবগঠিত এই কমিটির নেতৃত্বে সাতক্ষীরায় কর্মরত টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে জেলার সকল ক্যামেরা সাংবাদিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সাংবাদিক মহলের অভিমত, এই নতুন কমিটির মাধ্যমে খুলনা বিভাগীয় সংগঠনের সঙ্গে সমন্বয় আরও জোরদার হবে। ফলে পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সহজ হবে। একই সঙ্গে সাতক্ষীরার টিভি ক্যামেরা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।