কলারোয়া প্রতিনিধি
সারাদিনের কর্মব্যস্ততা শেষে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন দিনমজুর, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। হঠাৎ সেই আড্ডায় হাজির হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সাধারণ মানুষের সঙ্গে একই বেঞ্চে বসে চায়ে চুমুক দিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় ও নানা বিষয়ে কথা বলেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ইউরেকা পেট্রোল পাম্প মোড় এবং পৌরসভার ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গা মোড়ের চায়ের দোকানে গিয়ে এমনভাবেই সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান এমপি ইজ্জত উল্লাহ।
এ সময় তিনি সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন কথা শোনেন। হঠাৎ করে এমপিকে কাছে পেয়ে উপস্থিত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। অল্প সময়ের এই চায়ের আড্ডা পরিণত হয় আন্তরিক আলাপচারিতায়।
চায়ের দোকানে উপস্থিত ষাটোর্ধ্ব দিনমজুর মশিউর রহমান বলেন, ‘আমরা প্রতিদিন কাজকর্ম শেষ করে এখানে এসে আড্ডা দিই। হঠাৎ দেখি এমপি সাহেব আমাদের এখানে এসে বসেছেন। একজন এমপি আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে বসে চা খাচ্ছেন—এটা দেখে আমরা অবাক হয়েছি। তিনি যদি এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে থাকেন, তাহলে তিনি সত্যিই জনগণের এমপি হয়ে উঠবেন।’
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের উপজেলা সভাপতি শামসুল আলম বুলবুল, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, পৌর জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী ডা. মো. ইউনুছ আলী বাবু, জামায়াত নেতা আলমগীর হোসেন, আব্দুর রকিব, কবি আব্দুস সুবহান, জাহিদুর রহমান প্রমুখ।