অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ- ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য ও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো ফুটবলের এই মহাযজ্ঞের। লাতিন সংস্কৃতির ঐতিহ্য আর আধুনিক পপ সংগীতের এক অপূর্ব মেলবন্ধনে মেক্সিকো স্বাগত জানালো পুরো বিশ্বকে।
আজতেকা স্টেডিয়ামের সবুজ গালিচায় সুরের ঝঙ্কারে শুরু হয় বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। সাড়ে ১৬ মিনিটের এই জমকালো আয়োজনের শুরুতেই মেক্সিকো মনে করিয়ে দিল তাদের গৌরবময় অতীত। ঐতিহ্যবাহী পোশাকে শত শত পারফরমারের নাচ আর ড্রামের গম্ভীর আওয়াজে জীবন্ত হয়ে ওঠে প্রাচীন আজতেক সভ্যতা।
ঐতিহ্যের পর মঞ্চে ঝড় তোলে মেক্সিকোর রক ব্যান্ড 'মানা'। ল্যাটিন রকের এই বিখ্যাত দলটির গান গ্যালারির দর্শকদের আনন্দে মাতিয়ে রাখে।
এরপর ভেনেজুয়েলার ড্যানি ওশান, মেক্সিকোর লস অ্যাঞ্জেলস আজুলেস, বেলিন্ডা এবং লিলা ডাউনসের ল্যাটিন লোকনৃত্য ও পপ সুর পুরো স্টেডিয়ামে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে আধুনিকতার ছোঁয়া দিতে হাজির হন ইতালির কিংবদন্তি আন্দ্রেয়া বোচেলি। ডিজে ডেভিড গুয়েটা, র্যাপার মেগান থি স্ট্যালিয়ন ও ইজে-র সাথে তিনি গেয়ে শোনান অফিশিয়াল অ্যান্থেম 'ডিএনএ'।
ঠিক পরপরই কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন এবং রায়ান কাস্ত্রোর রেগেটন বিট স্টেডিয়ামের উত্তাপ বাড়িয়ে দেয় বহুগুণ।
তবে মূল ধামাকা ছিল ল্যাটিন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বার্না বয়ের পারফরম্যান্স। দুজনে মিলে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং 'দাই দাই' গেয়ে পুরো আজতেকা স্টেডিয়ামকে উন্মাতাল করে তোলেন।
গানের মহোৎসব শেষে মঞ্চে আসেন হলিউড কাঁপানো মেক্সিকান মেগাস্টার ও বিশ্বকাপের অফিশিয়াল অ্যাম্বাসেডর সালমা হায়েক। জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে বিশ্ববাসীকে স্বাগত জানান তিনি।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)