কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের জনবল সংকট, নিরাপত্তা ব্যবস্থা, পুরোনো ভবনের সংস্কার এবং ১০০ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার বাপি কুমার দাস, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশফিয়া খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডাঃ মোঃ মেহেরুল্লাহ, উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ মোঃ রইচ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ডাঃ ইউনুস আলী বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার জরুরি হয়ে পড়েছে। এছাড়া হাসপাতালে নিরাপত্তা প্রহরী না থাকা, চিকিৎসক, নার্স, অফিস স্টাফ ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ বিভিন্ন সমস্যার কথাও তিনি তুলে ধরেন।
সভায় হাসপাতালের উন্নয়ন তহবিলে জমাকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার, প্রেষণে বাইরে কর্মরত চিকিৎসক ও নার্সদের পুনরায় হাসপাতালে ফিরিয়ে আনা এবং জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।
আলোচনা শেষে সংসদ সদস্যসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হাসপাতালের সার্বিক সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।