কেরালকাতা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে হতে হবে জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক ও আদর্শভিত্তিক। ন্যায়, ইনসাফ ও সততার চর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কেরালকাতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আজিজুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, জামায়াত নেতা শরিফুল ইসলাম, শেখ ইকরামুল হক, মীর রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল যুবায়ের, হাফেজ মিজানুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সভায় বক্তারা সমাজে ন্যায়বিচার, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পথসভা শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।