মুজাহিদুল ইসলাম (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকার মোহনপুর গ্রামে মুকুল আহমেদের বাড়িতে ১৩ ই জুলাই (সোমবার) রাত সাড়ে ৯ টায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মুকুল আহমেদ জানান, তিনি রাত প্রায় ৯টার দিকে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। রাত ১০টার কিছু পরে বাড়ি ফিরে এসে দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা এবং ঘরের দরজার তালা কেটে ফেলা হয়েছে। ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং ঘরের মূল্যবান কাগজপত্র, তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চোরেরা নিয়ে গেছে।
ভুক্তভোগীর দাবি চুরি হওয়া স্বর্ণ, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রীর মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা ।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এলাকায় চুরি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে রাতের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।