লিটন ঘোষ বাপি
“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার প্রতিনিধি এসআই সঞ্জয় পাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু। সভায় আরো উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকরা।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।