দেবহাটা প্রতিনিধি:
“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী ও হারুন অর রশিদ, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সখিপুর সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মুহাসিন আলী, সখিপুর সরকারি কেবিএ কলেজের সহযোগী অধ্যাপক আবু তালেব, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ।