ব্রেকিং নিউজ :

দেয়াড়ার প্রতিটি কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’র জয়, উন্নয়নের প্রতিশ্রুতি এমপি ইজ্জত উল্লাহ’র


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন | ১৬৪৯
দেয়াড়ার প্রতিটি কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’র জয়, উন্নয়নের প্রতিশ্রুতি এমপি ইজ্জত উল্লাহ’র

সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের দেয়াড়া ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় অর্জনের কথা তুলে ধরে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, উপজেলার খুব কম ইউনিয়নেই এমন নজির রয়েছে যেখানে সবগুলো কেন্দ্রে একযোগে বিজয় লাভ সম্ভব হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ বিজয়ের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক মোবারকবাদ জানান।

এমপি ইজ্জত উল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত ও নানা সমস্যায় জর্জরিত এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। স্থানীয় জনগণের পক্ষ থেকে ত্রিমোহনী ব্রিজ নির্মাণ, দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, দলুইপুর বাওড় সংলগ্ন সড়কে পাইলিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে।”

তিনি বলেন, “আপনাদের সকল দাবি ও প্রয়োজনীয়তার বিষয়গুলো আমি গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এই জনপদের উন্নয়নে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।”

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা জিল্লুর রহমান, মাওলানা আবু জিয়াদ, মোঃ আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।