শ্যমনগর প্রতিনিধি :
ক্যাশলেস লেনদেনে মানুষকে উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক রোড-শো করেছে অগ্রণী ব্যাংক পিএলসি নূরনগর শাখা।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় অগ্রণী ব্যাংক নূরনগর শাখার সামনে থেকে রোড-শোটি শুরু হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পরে রোড-শোটি নূরনগর বাজার প্রদক্ষিণ করে ব্যাংক শাখায় এসে শেষ হয়।
পরে ব্যাংক শাখায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন অগ্রণী ব্যাংক নূরনগর শাখার এসপিও ও ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন। তিনি গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, সময়ের সঙ্গে মানুষের লেনদেনের পদ্ধতিও পরিবর্তন হচ্ছে। নগদ টাকার পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়ানো হলে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়েই উপকৃত হবেন। নূরনগরের ব্যবসায়ীদেরও এ ধরনের আধুনিক লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে অগ্রণী ব্যাংক নূরনগর শাখার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।