মোঃ জাহাঙ্গীর হোসেন
সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের কাঁচাবাজার ও মুরারীকাটি এলাকার সংযোগস্থলে নির্মিত কাঠের ব্রিজটি রোববার সকালে প্রবল পানির স্রোতে ভেসে গেছে। এতে দুই এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীরা।
স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির চাপে নদীর স্রোত বেড়ে যায়। সকালে হঠাৎ করেই কাঠের ব্রিজটি ভেঙে পানির স্রোতে ভেসে যায়। ফলে বিকল্প কোনো পথ না থাকায় মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী বলেন, “এই ব্রিজটি আমাদের দৈনন্দিন চলাচলের একমাত্র সহজ মাধ্যম ছিল। বাজারে যাওয়া, স্কুল-কলেজে যাওয়া, রোগী হাসপাতালে নেওয়াসহ সব কাজেই এই ব্রিজ ব্যবহার করা হতো। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।”
আরেক বাসিন্দা বলেন, “প্রতিবার বর্ষা এলেই এই কাঠের ব্রিজ ঝুঁকির মধ্যে থাকে। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”
ব্রিজটি ভেঙে যাওয়ায় কাঁচাবাজারে ক্রেতাদের যাতায়াত কমে যাবে। এতে ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর দাবি, দ্রুত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী একটি পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া হোক।
উল্লেখ্য, অতীতেও এই স্থানের কাঠের ব্রিজটি পানির স্রোতে কয়েক বার ভেঙে গিয়েছিল এবং পরে স্থানীয় উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়েছিল।