
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
ভারত থেকে অবৈধভাবে পুশইনের আশঙ্কা ঘিরে সাতক্ষীরার কলারোয়া সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারা ও তদারকিতে অংশ নিচ্ছেন। কোথাও কোথাও বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারার খবর পাওয়া গেছে।
সম্প্রতি কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরসহ কয়েকটি সীমান্ত এলাকায় বহু নারী-পুরুষকে জড়ো করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর প্রস্তুতির খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর থেকেই সীমান্তে সতর্কতা বহুগুণ বাড়িয়েছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত এলাকা মাদক ও চোরাকারবারিদের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড এবং সীমান্ত পাড়ি দেওয়ার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর সঙ্গে সাম্প্রতিক পুশইনের আশঙ্কা যুক্ত হওয়ায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি অন্যান্য সংস্থাও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
কলারোয়া উপজেলার তিনটি ইউনিয়ন স্থল ও নদীপথে ভারতের সঙ্গে সংযুক্ত। এর মধ্যে কেঁড়াগাছি ইউনিয়নের অধিকাংশ অংশ এবং সোনাবাড়িয়া ইউনিয়নের পুরো সীমান্ত সোনাই নদী দ্বারা বিভক্ত। অন্যদিকে চন্দনপুর ইউনিয়নের একাংশ ইছামতি নদী এবং বাকি অংশ স্থলসীমান্তে ভারতের সঙ্গে সংযুক্ত। নদীপথের তুলনায় স্থলসীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় চন্দনপুর ইউনিয়নের হিজলদী, সুলতানপুর ও গোয়ালপাড়া সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
বিজিবির সুলতানপুর বিওপির কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান জানান, তাদের বিওপির অধীনে প্রায় সাড়ে চার কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবীর বলেন, সীমান্তবর্তী এলাকায় হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি বিজিবি ও স্থানীয়দের যৌথ পাহারা, রাতের বেলায় টর্চলাইটের মাধ্যমে নজরদারি এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।
এদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া ইনচার্জ সার্জেন্ট মিলন জানিয়েছেন, সাতক্ষীরা সীমান্তে সম্ভাব্য অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :