এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে পূজামণ্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম। নিরাপত্তার দায়িত্বে অবহেলা করে কোনো আনসার সদস্য পূজামণ্ডপ ছেড়ে গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা দক্ষিণ বড়দল,বড়দল বাজার ও বুড়িয়া সর্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এএসপি বায়েজিদ ইসলাম আরও বলেন,দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনে থানা পুলিশকে জানাতে হবে। নিরাপত্তার দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন,“ধর্ম যার যার,উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন,সে জন্য পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান,এসআই নাসির উদ্দিন,এএসআই অমিত হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দআনসার সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।