এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।
মাঠজুড়ে টানটান উত্তেজনা। নির্ধারিত ৯০ মিনিটে একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে ৫-৩ গোলে হারিয়ে জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। গোলের সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তা কাজে লাগাতে পারেনি কোনো দল।
ফলে নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য সমতায়।
এরপর শুরু হয় টাইব্রেকারের রোমাঞ্চ। স্নায়ুচাপের মুহূর্তে ৪ নম্বর ওয়ার্ড একাদশের খেলোয়াড়রা নিজেদের শটগুলো সফলভাবে কাজে লাগান। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে উল্লাসে মেতে ওঠে ৪ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকরা।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা,উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহাজান হোসেন,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.রোকনুজ্জামান,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,ইউনিয়ন বিএনপির সভাপতি স ম আক্তারুজ্জামান,ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান,সেক্রেটারি মাওলানা আল-আমিন,ইউনাইটেড একাডেমীর এডহক কমিটির সভাপতি মুশফিকুজ্জামান রুবেল,বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারী আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলা পরিচালনা করেন আবু তাহের রাজ,রাশিদুল ইসলাম ও ইলিয়াস হোসেন। ধারাভাষ্য দেন সরদার নাঈম ইসলাম। খেলা শেষে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ##