ফুয়াদ আল আবরার
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন মৌয়ালরা। সরিষা ফুল থেকে পর্যাপ্ত মধু সংগ্রহ করতে না পারায় মৌমাছি বাঁচাতে প্রায় ১১ হাজার টাকা ব্যয়ে চিনি কিনে খাওয়াচ্ছেন সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের মৌয়াল ইব্রাহিম।
সরিষা ফুলের মধু সংগ্রহের আশায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নকাটির বিলে ২৫০টি মৌবক্স স্থাপন করেছেন তিনি। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সরিষার ক্ষেতে পানি জমে যাওয়ায় মৌমাছি ফুল থেকে পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারছে না। এতে অনেক মৌমাছি মারা যাচ্ছে। বাধ্য হয়ে চিনি পানিতে মিশিয়ে মৌমাছিকে খাওয়াচ্ছেন ইব্রাহিম।
তিনি জানান, সারা বছর মৌমাছির পরিচর্যার পর মৌসুমে মধু বিক্রি করে বিভিন্ন ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধ করেন মৌয়ালরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এবার মধু সংগ্রহ ব্যাহত হচ্ছে। ফলে ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি ঋণের টাকা পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়তে হচ্ছে।
মৌয়ালদের অভিযোগ, সরকারি লাইসেন্স থাকার পরও বিভিন্ন এলাকায় মৌবক্স নিয়ে যাতায়াত ও মধু সংগ্রহে বিভিন্ন অঙ্কের চাঁদা দিতে হয়। সরকারি প্রণোদনা ও সহযোগিতাও প্রকৃত মৌচাষিদের কাছে পৌঁছায় না। তাঁরা সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং মধু সংগ্রহ ও পরিবহনে হয়রানি বন্ধের দাবি জানান।
কলারোয়া উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক বলেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় মৌমাছির খাদ্য সংগ্রহ ব্যাহত হওয়ায় মধু উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে মৌবক্সের নিয়মিত পরিচর্যা ও মৌমাছির প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকৃত মৌচাষিদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।