কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
শুরুর একাদশে লিওনেল মেসি না থাকলেও লো সেলসো ও লাওতারো মার্তিনেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে জর্ডান!
৫ মিনিট পর মাঠে নামেন মেসি। ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে দুর্দান্ত এক ফ্রি কিকে জর্ডানের জালে বল জড়ান। তাতে আর্জেন্টিনা গ্রুপপর্ব শেষ করে ৩-১ ব্যবধানের বড় জয় দিয়ে। আর বদলি নেমে গোল করে নতুন এক বিশ্বরেকর্ড গড়েন মেসি।
বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জ্যঁ ফন্তেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনিওর (১৯৭০)। সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে দুজনের পাশে বসেন মেসি। আজকের দুর্দান্ত ফ্রি কিক গোলে ছাড়িয়ে যান দুজনকেই।
একইসঙ্গে চলতি বিশ্বকাপে মেসির গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬, আর সব মিলিয়ে বিশ্বকাপে মেসির ১৯টি গোল হয়ে গেল।
আজ অবশ্য শুরুর একাদশে ছিলেন না মেসি। আগেই নকআউট নিশ্চিত হওয়ায় আজ যে একাদশ নিয়ে স্কালোনি পরীক্ষা নিরীক্ষা চালাবেন, সেটা অনুমিতই ছিল। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে আজ ৯টি পরিবর্তন আনেন স্কালোনি! একাদশ বদলালেও আর্জেন্টিনার ধার কমেনি। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিতে থাকে।
এর মধ্যে ম্যাচের ১৭ মিনিট বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। লো সেলসোকে ফাউল করেছিলেন আবু তাহা। পোস্টের ২০ গজ দূরের জায়গা থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে জালে বল জড়ান লো সেলসো।
কিছু সময় পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবার হুলিয়ান আলভারেসের ডাইভিং হেড ক্লিয়ার করতে গিয়ে তাঁর মুখে লাথি মারেন হাদ্দাদ। ভিএআর যাচাইয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই স্পটকিকে ঠাণ্ডা মাথায় জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেস।
২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা ৫৫ মিনিটে স্রোতের বিপরীতে একটি গোল হজম করে। এহসান হাদ্দাদের ক্রসে বক্সের ভেতর দারুণ এক স্লাইডিংয়ে জালে বল জড়ান আল তামারি। আর্জেন্টিনা সমর্থকদের মনে কিছু সময়ের জন্য ভয় ধরে যায়।
৫ মিনিট পর বদলি হিসেবে মাঠে নামেন মেসি। একটু পরেই বক্সের অনেকটা বাইরে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসির শট পোস্টের খানিকটা বাইরে দিয়ে যায়।
এরপর নিজেই ফ্রি কিক আদায় করেন মেসি। ৮০ মিনিটে নেওয়া মেসির ফ্রি কিক ঠেকানোর সাধ্য ছিল না জর্ডান গোলকিপারের।
ম্যাচের শেষদিকে আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তাতে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তেদের।
এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। সমান ৪ পয়েন্ট নিয়ে দুদলই উঠে গেছে শেষ-৩২ এ।
(ইন্ডিপেন্ডেন্ট)