মোঃ রাশিদুল কবির সবুজ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসায় ফলবান বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আঃ রাজ্জাক। এ সময় তিনি একটি নারিকেল চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াস হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মোঃ আজহারুল ইসলাম বাবু সহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বেশ কয়েকটি ফলবান গাছের চারা রোপণ করা হয় এবং এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।