লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে অবদান রাখা এ শিক্ষকের বিদায়কে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইলিয়াস হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ আরশাদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক হাফিজুর রহমান

হাফিজ। এছাড়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। পরে বিদায়ী শিক্ষক কাজী নজরুল ইসলামের দীর্ঘদিনের কর্মজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন অতিথিরা।
বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। একজন শিক্ষক শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাজী নজরুল ইসলাম তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, কর্মজীবনে বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও একজন প্রিয় শিক্ষককে বিদায় দেওয়া সবসময়ই আবেগের। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় দিতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা বিদায়ী শিক্ষক কাজী নজরুল ইসলামের সুস্বাস্থ্য, সুখী জীবন ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করেন।
বিদায়ী শিক্ষক কাজী নজরুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় কয়েকজন শিক্ষার্থীও তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষক কাজী নজরুল ইসলামের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর আগামী দিনের জীবন সুন্দর, শান্তিময় ও কল্যাণময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত এক আবেগঘন ও স্মৃতিময় আয়োজনে পরিণত হয়।