সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা শহরে ছুরিকাঘাতে নিহত জাকারিয়া খান হত্যার বিচার নিশ্চিত ও তা বাস্তবায়নের দাবিতে ৩৮টি অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক যৌথ আলোচনা সভা থেকে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সম্মিলিতভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম'র সভাপতিত্বে ও জাকারিয়া খাঁনের ফুফাতো ভাই শেখ মাসুম বিল্লাহ শাহীন'র সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন ডা. আবুল কালাম বাবলা, এড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক আবুল কাসেম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, এড. আকবার আলী, শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, সিরাজুল ইসলাম বাবু, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মেহেদী হাসান, শেখ আবু রায়হান, সাংবাদিক ডা. মহিদার রহমান, জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।
পরে জাকারিয়া হত্যার বিচার দাবিতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
সভায় গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, এড.শেখ আজাদ হোসেন বেলাল ও কামরুল ইসলাম ফারুক।
ডা. আবুল কালাম বাবলাকে আহ্বায়ক এবং শেখ মাসুম বিল্লাহ শাহীনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর নুর মোহাম্মদ পাড়, সিরাজুল ইসলাম বাবু, তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাংবাদিক আবুল কাশেম, জেলা ছাত্রদল, জেলা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এড. আকবর আলী ও মোঃ কামরুজ্জামান রাসেল।
কমিটিতে ৩৮টি সংগঠনের প্রত্যেকটি থেকে তিনজন করে সদস্য রাখা হয়েছে। সভায় জাকারিয়া হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।